বেহেশতের লোভ দেখিয়ে জামায়াতে ইসলামী ভোট নিয়েছে, কিন্তু নির্বাচনের পর দলটির নেতাকর্মীদের মানুষের পাশে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর দাবি, জামায়াত নিজেদের কর্মীদের পাশাপাশি একজন ফকিরকেও ভিক্ষা দেয় না। জাতীয় নির্বাচনে দলটিকে ভোট দিয়ে এখন অনেকেই আফসোস করছেন বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রমের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, বিএনপি জনগণের সরকার। সরকারের সাত মাসের মধ্যেই বগুড়া-২ আসনসহ সারা দেশে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
জাতীয় নির্বাচনে যারা জামায়াতকে ভোট দিয়েছেন, তাদের আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াতের ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে পূজা নিয়ে অনেক কথা বলা হলেও এখন হিন্দু সম্প্রদায়ের খোঁজ নেওয়ার সময় দলটির নেতাকর্মীদের পাওয়া যাচ্ছে না। তাঁর অভিযোগ, জামায়াত ধর্মকে পুঁজি করে রাজনীতি করে। অথচ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কল্যাণ নিয়েও তাদের কোনো কথা নেই।
তিনি আরও বলেন, তারেক রহমান ইমাম-মুয়াজ্জিনদের বেতনের ব্যবস্থা করেছেন।
বিএনপি ‘আমি-ডামি’ নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে কাজ করে পাঁচ বছর পর আবারও ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় সরকার। এ সময় আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথাও জানান তিনি।